বক্সিরহাট, ৮ জুলাই :
দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে তুফানগঞ্জ-২ ব্লকের রামপুর-বারবিশা সংযোগকারী রাজ্য সড়কের ওপর জোড়াই রেল গেটের রেলওয়ে ওভারব্রিজ (ROB) নির্মাণের উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। বুধবার আলিপুরদুয়ার ডিভিশনের রেলের আধিকারিক সহ ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে প্রস্তাবিত এলাকা পরিদর্শন ও জমির জরিপের কাজ সম্পন্ন করা হয় বলে জানা গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রামপুর-১, রামপুর-২ ও ফলিমারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার জেলার বারোবিশার বাসিন্দারাও।
এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মালতী রাভা রায়, বিডিও অজয় কুমার দণ্ডপাট সহ রেল দপ্তরের ইঞ্জিনিয়ার সহ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা।
জানা যায়, কোচবিহার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়কে জোড়াই রেল গেটটি নিত্যদিন সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান রেলপথ হওয়ায় এই পথ দিয়ে দিনরাত অসংখ্য দু-পাল্লার ট্রেন চলাচল করে। ফলে বেশিরভাগ সময়ই রেলগেট বন্ধ থাকে। এর জেরে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবাগুলি প্রায়শই দীর্ঘক্ষণ আটকে পড়ে। এলাকাবাসীদের অভিযোগ, রেল গেটের এই সমস্যার কারণে জরুরি কাজে বের হওয়ার অন্তত ঘণ্টাখানেক আগে তাঁদের বাড়ি থেকে বের হতে হয় বলে অভিযোগ।
দীর্ঘদিন ধরেই জোড়াই রেল গেটে ওপর উড়ালপুল তৈরির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। সম্প্রতি এই দাবির স্বপক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে রেল দপ্তরে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল সেই চিঠির ভিত্তিতেই রেল কর্তৃপক্ষ দ্রুত সাড়া দিয়ে জমি জরিপের প্রক্রিয়া শুরু করেছে বলে মনে করছেন স্থানীয়রা। প্রশাসনিক এই তৎপরতায় সমস্যার স্থায়ী সমাধান হওয়ার আশায় বুক বাঁধছেন এলাকা বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ।

