তুফানগঞ্জ, ২৩ এপ্রিল :
সকাল থেকেই কোচবিহারের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির খবর থাকলেও, বৃহস্পতিবার দুপুরে তুফানগঞ্জ বিধানসভার মহিষকুচি-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, মহিষকুচির ৯/৯০ ও ৯/৯১ নম্বর বুথে পরিদর্শনে গেলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিব শংকর পালকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভেতরে ঢুকতে বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে জওয়ান ও প্রার্থীর মধ্যে দীর্ঘক্ষণ কথা কাটাকাটি চলে।
দুপুরে বুথের পরিস্থিতি এবং ভোটদানের হার খতিয়ে দেখতে মহিষকুচির এই দুটি বুথে পৌঁছান শিব শংকর পাল। ঘটনায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায়, তিনি বুথে ঢুকতে গেলে সেখানে কর্তব্যরত এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাঁর পথ আটকান। প্রার্থী নিজেকে ওই কেন্দ্রের বৈধ প্রার্থী হিসেবে পরিচয় দিলেও জওয়ান তাঁকে অনুমতি দিতে অস্বীকার করেন। জওয়ানের পক্ষ থেকে জানানো হয়, “উপর মহলের নির্দেশ” অনুযায়ী তাঁকে ভেতরে যেতে দেওয়া সম্ভব নয়।
এর জবাবে ক্ষুব্ধ প্রার্থীকে বলতে শোনা যায়, “আমি এই কেন্দ্রের প্রার্থী, আমি কেন ভেতরে যেতে পারব না? আপনার নাম কী এবং আপনি কোন দপ্তরের?”
পরবর্তীতে সংবাদমাধ্যমের সামনে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান প্রার্থী। তিনি বলেন”মহিষকুচি-১ গ্রাম পঞ্চায়েতের ৯/৯০ ও ৯/৯১ নম্বর বুথে এসে দেখলাম এক অদ্ভুত পরিস্থিতি। একজন জওয়ান আমাকে যেতে দিলেও অন্য একজন পিছন থেকে এসে বাধা দিলেন। আমি কেবল প্রিসাইডিং অফিসারের থেকে ভোটের হার এবং ইভিএম-এর অবস্থা জানতে চেয়েছিলাম। সকাল থেকে অনেক জায়গায় ঘুরেছি, কোথাও সমস্যা হয়নি। কিন্তু দুপুরে এখানে যা হলো, তা একজন ভারতীয় নাগরিক হিসেবে আমার কাছে অত্যন্ত লজ্জার। কেন্দ্রীয় বাহিনী এখানে অতি-সক্রিয়তা দেখাচ্ছে।”
তুফানগঞ্জের এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল শিবিরের দাবি, ইচ্ছে করে প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী। দুপুরের এই ঘটনার পর এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

