দিনহাটা, ২৫ এপ্রিল :
দিনহাটা কলেজের স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরার মনিটর গোলযোগে চাঞ্চল্য ছড়ালো। শনিবার দুপুরে হঠাৎ করি বন্ধ হয়ে যায় স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরার মনিটর । আর এই ঘটনাতেই সন্দেহ বাড়তেই ছুটে আসেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায় এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহর তরফ থেকে পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ অন্যান্যরা। পাশাপাশি এই খবর পেয়ে সেখানে ছুটে আছেন দিনহাটার মহকুমা শাসক ভরত সিং। জানা গিয়েছে, এদিন দুপুর সোয়া তিনটে নাগাদ হঠাৎ করেই স্ট্রং রুম চত্বরে লাগানো থাকা সিসিটিভি ক্যামেরার মনিটর বন্ধ হয়ে যায়। আর এর পরেই দুই রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে সন্দেহ বাড়তে থাকে। খবর পেয়ে বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থীর সদস্যরা ছুটে আসেন দিনহাটা কলেজে। পাশাপাশি মহকুমা শাসক ছুটে আসেন। তারা গোটা বিষয়টি নিয়ে মহকুমা শাসকের সাথে কথা বলেন। তারপরে জানতে পারা যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে সিসিটিভির মনিটর বন্ধ হয়ে যায়। তবে ভেতরে অটো ব্যাকআপ থাকায় ডিভিআর চালু ছিল এমনটাই দুই রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানানো হয় এবং পরবর্তীতে তারা তার সরজমিনে দেখে আশ্বস্ত হন। উল্লেখ্য কোচবিহার পলিটেকনিক কলেজে স্ট্রংরুমে একটি সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক এ নিয়ে অভিযোগ করেন। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে ফের দিনহাটায় এধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

