মাথাভাঙ্গা, ১৩ মার্চ :
আগামীকাল ১৪ই মার্চ বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি দিন। আর এই সমাপ্তি দিনেই ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির পক্ষ থেকে। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ব্রিগেড সমাবেশে যাওয়ার জন্য বিজেপি কর্মী সমর্থকরা রওনা দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন জায়গার পাশাপাশি মাথাভাঙ্গা রেলস্টেশন থেকেও রওনা দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন মাথাভাঙ্গা রেলস্টেশনে মাথাভাঙ্গা এবং শীতলকুচি বিধানসভার বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন।
বিজেপি নেতৃত্বরা জানান ব্রিগেডে যাওয়ার জন্য উত্তরবঙ্গ থেকে ১৬ টি স্পেশাল রিজার্ভ ট্রেনের ব্যবস্থা রয়েছে।সেই উপলক্ষে বিভিন্ন স্টেশনে বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন কলকাতা যাওয়ার উদ্দেশ্যে।প্রতিটি মন্ডল থেকে ৭০০ থেকে ৮০০ জন করে কর্মী যাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে এসে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিতে প্রতিটি বুথে বুথে তারা ঝাঁপিয়ে পড়বেন বলেও জানান।

