জলপাইগুড়ি, ২৭ এপ্রিল :
জলপাইগুড়িতে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত সারিঙ্গা বাদক মঙ্গলাকান্ত রায়। ১০৫ বছর বয়সী এই প্রবীণ শিল্পী গত কয়েক দিন ধরেই নিজের বাড়িতে অসুস্থ ছিলেন। সোমবার সকালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। এরপর পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় আরেক পদ্মশ্রীপ্রাপ্ত সমাজসেবী করিমুল হক-এর সঙ্গে। তিনি নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ময়নাগুড়ি হাসপাতাল থেকে মঙ্গলাকান্ত রায়কে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন।
বর্তমানে সেখানেই চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, তাঁর গলায় সমস্যা রয়েছে এবং বয়সজনিত একাধিক জটিলতা দেখা দিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে ভারত সরকার মঙ্গলাকান্ত রায়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। উত্তরবঙ্গের লোকসংস্কৃতিতে সারিঙ্গা বাদক হিসেবে তিনি অত্যন্ত পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর অসুস্থতার খবরে শিল্পীমহল ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

