আলিপুরদুয়ার, ৬ মে :
জেলায় কোনওভাবেই অশান্তি বা হিংসা বরদাস্ত করা হবে না, এমনই কড়া বার্তা দিল জেলা প্রশাসন। বুধবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ‘ডুয়ার্স কন্যা’-তে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা স্পষ্টভাবে জানান আলিপুরদুয়ারের জেলা শাসক ময়ূরী বাসু। তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অমিত কুমার সাউ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
জেলাশাসক বলেন, জেলার প্রতিটি পরিস্থিতির উপর প্রশাসনের কড়া নজর রয়েছে। পুলিশ সুপার থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা ইতিমধ্যেই মাঠে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি জানান, কেউ যদি আনন্দ উদযাপন করতে চান, তা অবশ্যই শান্তিপূর্ণভাবে করতে পারেন। তবে কোনওভাবেই যদি কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকলের কাছে আবেদন জানান, যেন কেউ কোনওরকম হিংসা সঙ্গে যুক্ত না হন।
অন্যদিকে, পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, গত দুদিনে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে কোনও রাজনৈতিক দল বা রঙ দেখা হবে না। যেই ব্যক্তি পোস্ট-পোল হিংসা, অশান্তি জড়িত থাকবেন বা ভাঙচুর, অগ্নিসংযোগের মতো অপরাধে যুক্ত থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই কড়া বার্তা ঘিরে জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আরও সতর্কতা বাড়ানো হয়েছে।

