কোচবিহার , ২৯ মে
কোচবিহার ১ নম্বর ব্লকের পানিশালা অঞ্চলের ৪ নম্বর বাজার কলাকাটায় নতুনভাবে উদ্বোধন করা হলো বিজেপির পার্টি অফিস। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয় এবং দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা বাজার চত্বর।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটাবাড়ি বিধানসভার কনভেনার শুভাশিস বাবু। এছাড়াও বিভিন্ন মণ্ডলের সভাপতিবৃন্দ, দলীয় নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ফিতে কেটে এবং পূজার মাধ্যমে নতুন পার্টি অফিসের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ জানান, নতুন এই পার্টি অফিস আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই অফিস কার্যকর ভূমিকা নেবে বলে তারা আশাবাদী।
এদিন আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বার্তাও দেওয়া হয় সভা থেকে। অনুষ্ঠান শেষে কর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এবং দলীয় ঐক্য ও সংগঠনকে আরও মজবুত করার আহ্বান জানান নেতৃত্বরা।

