ডুয়ার্স ,১৮ মে
ভোর প্রায় তিনটে। চারদিকে তখন গভীর নিস্তব্ধতা। সেই সময়ই আপার চালসা এলাকায় আতঙ্ক ছড়ায় একটি বুনো হাতির তাণ্ডবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি মসজিদের পাশের নবনির্মিত বাড়ির বাউন্ডারির গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে হাতিটি। এরপর বাড়ির ভিতরে থাকা কলা গাছ খেয়ে ফেলে এবং একাধিক গাছপালা নষ্ট করে। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
এরপর বাড়ি থেকে বেরিয়ে পাশেই থাকা একটি চালের গোডাউনের দেওয়াল ভেঙে দেয় হাতিটি। যদিও গোডাউনের ভিতরে না ঢুকে বাইরে থেকেই একটি চালের বস্তা শুঁড়ে টেনে বের করে নিয়ে রাস্তা পার হয়ে চলে যায়।
ভোররাতের এই ঘটনায় গোটা আপার চালসা এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাতের বেলায় বনকর্মীদের নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন। বনদপ্তরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

