শিলিগুড়ি, ২২ মে :
শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির ব্লক-এফ এলাকায় রেলের তরফে হঠাৎ পরিদর্শন ও জমিতে দাগ কেটে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপে বাসিন্দাদের মধ্যে উচ্ছেদ নিয়ে আশঙ্কা বাড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেল উন্নয়নের জন্য আগে থেকেই দখল হয়ে থাকা জমি দখলমুক্ত করে বিভিন্ন এলাকায় রাস্তা ও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। সেই ধারাবাহিকতায় নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন অম্বিকানগর আন্ডারপাস এলাকার কাছেও রেলের আধিকারিকরা জমি মাপজোক করে চিহ্নিত করে দাগ দিয়ে যান। এরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, পুনর্বাসনের কোনও নিশ্চয়তা ছাড়া উচ্ছেদ মেনে নেওয়া হবে না। পরিস্থিতি সামাল দিতে এলাকার বিধায়িকা শিখা চ্যাটার্জিকে ডাকা হয়। তিনি ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন করেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
বিধায়িকা জানান, রেলের উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হলেও পুনর্বাসন ছাড়া কোনওভাবেই কাজ করা যাবে না। তিনি আশ্বাস দেন, বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে এবং বাসিন্দাদের স্বার্থ সুরক্ষিত রাখা হবে।
অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, তাঁরা উন্নয়নের বিরোধী নন। তবে পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনওভাবেই এলাকা ছাড়বেন না। তাঁদের কথায়, “বিধায়িকার ওপর আমাদের ভরসা আছে। আগে পুনর্বাসন, তারপরই উন্নয়ন—এই দাবিতেই আমরা অনড়।”
সব মিলিয়ে, রেলের উন্নয়ন প্রকল্পকে ঘিরে শিলিগুড়ির এই এলাকায় তৈরি হয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগের আবহ। এখন নজর পুনর্বাসন নিয়ে প্রশাসন ও রেলের পরবর্তী পদক্ষেপের দিকেই।

