দিনহাট , ১১ জুলাই
বচসার জেরে শ্বশুর খুন! অভিযুক্ত জামাই পলাতক, চাঞ্চল্য দিনহাটায়
কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বাজেজমা পাখিহাগা এলাকায় শনিবার দুপুরে এক চাঞ্চল্যকর ঘটনায় শ্বশুর নৈলেন বর্মনের মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে তাঁর জামাই সুখধণ বর্মন হামলা চালালে গুরুতর জখম হন নৈলেন বর্মন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে শ্বশুর ও জামাইয়ের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা ক্রমশ তীব্র আকার নিলে জামাই সুখধণ বর্মন শ্বশুরের উপর হামলা চালান বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় নৈলেন বর্মনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অভিযুক্ত সুখধণ বর্মনের বাড়ি গোসানিমারির চকিয়াপাড়া এলাকায়। ঘটনার পর থেকেই তিনি পলাতক বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

