দিনহাটা, ২৩ মে :
আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে কাটমানি নিয়েছিলেন তৃণমূল দলের প্রধান এমনটাই অভিযোগ। সেই কাটমানি ফেরতের দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। শনিবার এ ঘটনা ঘটে দিনহাটা এক নম্বর ব্লকের ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি মহন্তের বাড়ির সামনে। যদিও প্রধান ও তার স্বামী পিন্টু মহন্ত ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা এক নম্বর ব্লকের ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান চুমকি মোহন্ত। প্রধান ও তার স্বামী পিন্টু মহন্ত আবাস যোজনার ঘর দেবার নাম করে সাধারণ মানুষের কারো কাছ থেকে পাঁচ হাজার, কারো কাছ থেকে ১০ হাজার, কারো কাছ থেকে পনের এমন কি কুড়ি হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। এদিন দুপুরে এলাকার বাসিন্দারা সমবেতভাবে প্রধানের বাড়ির সামনে যান। তারা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও প্রধান চুমকি মহন্ত এবং তার স্বামী আগেই বাড়ি থেকে চম্পট দিয়েছেন।
এ বিষয়ে এলাকার বাসিন্দার সাধনা বর্মন, সুরধনি বর্মন প্রমুখরা বলেন, প্রধান চুমকি মহন্ত এবং তার স্বামী তাদের আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নাম করে পাঁচ হাজার, দশ হাজার এমন কি কুড়ি হাজার পর্যন্ত টাকা নিয়েছেন। এদিকে আবাস যোজনার অনেকেই ঘরের টাকা পাননি, আবার কেউ কেউ অল্প কিছু টাকা পেয়েছেন। ফলে সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়েছেন। তাইতো প্রধানের কাছ থেকে কাট মানির ওই টাকা ফেরতের দাবিতে এখানে আন্দোলন চলছে।
এদিকে প্রধান এবং তার স্বামী বাড়িতে না থাকায় বেশ কিছু সময় বিক্ষোভ দেখিয়ে তারা ফিরে গিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, টাকা না পেলে ফের তারা বিক্ষোভ দেখাবেন, প্রয়োজনে প্রশাসনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

