শিলিগুড়ি, ২৪ জানুয়ারী :
শিলিগুড়িতে একের পর এক অগ্নিকাণ্ড এবং দমকল বিভাগের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে শনিবার দমকল দপ্তরে পৌঁছালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ এসএফ রোডে অবস্থিত শিলিগুড়ি ফায়ার ব্রিগেড অফিসে যান তিনি।
বিধায়কের এই পরিদর্শনের পেছনে রয়েছে সম্প্রতি দেশবন্ধু পাড়ায় ঘটে যাওয়া একটি ভয়াবহ অগ্নিকাণ্ড। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, দমকল বিভাগের উপযুক্ত ব্যবস্থা ও দ্রুত পদক্ষেপের অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়, ফলে বাড়ির বহু মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। পরিবারের আরও দাবি, ঘটনাস্থলে যে দমকলের জলবাহী গাড়ি আনা হয়েছিল, তাতে একাধিক যান্ত্রিক ত্রুটি ছিল, যার ফলে আগুন নেভানোর কাজে বড়সড় সমস্যা দেখা দেয়।
এছাড়াও বিধায়ক শঙ্কর ঘোষের কাছে দীর্ঘদিন ধরেই দমকল বিভাগের পরিকাঠামো ঘাটতি ও যন্ত্রপাতির অভাব নিয়ে একাধিক অভিযোগ এসে পৌঁছেছে বলে জানা যায়। অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সরঞ্জাম ও ঠিকঠাক যান্ত্রিক ব্যবস্থার অভাবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতেই এদিন দমকল দপ্তরে এসে দমকল বিভাগের প্রস্তুতি, যন্ত্রপাতির অবস্থা এবং সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখেন বিধায়ক। দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ তীব্র ভাষায় দমকল বিভাগের বঞ্চনা ও গাফিলতির অভিযোগ তোলেন। তাঁর দাবি, নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনও রকম আপস করা যায় না এবং দমকল বিভাগের পরিকাঠামো দ্রুত আধুনিক ও কার্যকর না হলে ভবিষ্যতে আরও বড় বিপদ ঘটতে পারে। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নজরে আনবেন বলেও জানান।

