দিনহাটা, ২৫ মে:
দিনহাটা ১ নম্বর ব্লকের গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দরিবস ও ঘুঘুমারি গ্রামে আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে উত্তেজনা ছড়াল। অভিযোগ তুলে প্রায় ১০০ জন গ্রামবাসী দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনার ঘরের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার পরই গ্রাম পঞ্চায়েত সদস্যের লোকজন চাপ সৃষ্টি করে প্রতি উপভোক্তার কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা করে নেন। এমনকি দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
দীর্ঘদিন ভয়ে মুখ না খুললেও, বর্তমানে পরিস্থিতি বদলানোর পর গ্রামবাসীরা সংগঠিত হয়ে কাটমানির টাকা ফেরতের দাবিতে থানায় অভিযোগ জানিয়েছেন। অভিযোগের পর থেকেই সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্য এলাকা থেকে গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

