আলিপুরদুয়ার, ২ ফেব্রুয়ারী :
পশ্চিম চেপানি এলাকায় স্থায়ীভাবে মদের দোকান খোলার প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সরব হলেন স্থানীয় মহিলারা। বুধবার দুপুর প্রায় ২টা নাগাদ আলিপুরদুয়ার জেলার পশ্চিম চেপানি এলাকার বহু মহিলা একত্রিত হয়ে আলিপুরদুয়ারের মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।
প্রতিবাদী মহিলাদের অভিযোগ, পশ্চিম চেপানি এলাকায় স্থায়ীভাবে একটি মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে, যা এলাকার সামাজিক পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাঁরা জানান, ওই এলাকায় একটি প্রাচীন মন্দির রয়েছে, যেখানে নিয়মিত ধর্মীয় আচার-অনুষ্ঠান হয়। পাশাপাশি ওই অঞ্চলে বহু শিশু ও কিশোর-কিশোরীর বসবাস। এমন একটি সংবেদনশীল এলাকায় মদের দোকান খোলা হলে তার নেতিবাচক প্রভাব পড়বে।
স্মারকলিপিতে মহিলারা স্পষ্টভাবে দাবি জানান, ওই প্রস্তাবিত স্থানে কোনওভাবেই মদের দোকান খোলা যাবে না এবং অবিলম্বে সেই সিদ্ধান্ত বাতিল করতে হবে।
এদিন প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। পরে মহিলাদের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।

