শিলিগুড়ি, ২৬ মে:
বর্ষা মরশুম শুরু হওয়ার আগেই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সেই লক্ষ্যেই মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলাকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। বৈঠকে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার সাংসদ, বিধায়ক, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও এসএসবির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রশাসনের তরফে বিভিন্ন বন্যাপ্রবণ এলাকার পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
প্রতিবছর বর্ষার সময় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বন্যা ও নদী ভাঙনের সমস্যার মুখে পড়ে। বিশেষ করে তিস্তা, মহানন্দা ও তোর্সা-সহ বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পরিস্থিতিকে জটিল করে তোলে। সেই কারণেই আগাম প্রস্তুতির উপর জোর দেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এদিন বৈঠকে কোথায় ত্রাণ শিবির তৈরি করা হবে, কীভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা কীভাবে নেওয়া হবে, সেই বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়। নিশিত প্রামাণিক জানান, মানুষের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রশাসনের সমস্ত বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

