ধূপগুড়ি,৩০ মে
বাইসনের পর এবার জোড়া হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল ধূপগুড়িতে। ফের জঙ্গল থেকে লোকালয়ে চলে এল দুটি হাতি। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি ক্লাবপাড়া এলাকায় পাশ্ববর্তী সোনাখালী জঙ্গল থেকে দুটি হাতি প্রবেশ করে।
জানা গিয়েছে, খাবারের সন্ধানে প্রায়শই হাতির দল রাতের অন্ধকারে লোকালয়ে হানা দিচ্ছে। এদিনও খাবারের খোঁজে রাতভর এলাকায় দাপিয়ে বেড়ায় দুটি হাতি। গিলান্ডি নদী পেরিয়ে তারা ক্লাবপাড়া এলাকায় চলে আসে। তবে ভোর হয়ে যাওয়ায় আর জঙ্গলে ফিরে যেতে পারেনি। পরে ওই এলাকার একটি ঘন জঙ্গলের মধ্যে আশ্রয় নেয় তারা।
স্থানীয় বাসিন্দারা ভোরবেলায় হাতির গর্জন শুনে বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় জমে যায়। খবর দেওয়া হয় বনদপ্তর ও পুলিশকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখা এবং সোনাখালী বিটের বনকর্মীরা। পাশাপাশি ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সোনাখালী জঙ্গল থেকেই দুটি হাতি লোকালয়ে চলে এসেছে। তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। সন্ধ্যার পর বিশেষ ড্রাইভ চালিয়ে হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে।

