দিনহাটা ,৩০ মে
বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে মজুত করা তিনশ’ বোতল কফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। শুক্রবার রাতে দিনহাটা ২ নম্বর ব্লকে নাগরের বাড়ি এলাকায় এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে কফ সিরাপ সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ঐ ব্যক্তির নাম মোন্নাফ শেখ (৫৫)। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হয়।
ঘটনার বিবরণের জানা গিয়েছে, দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের নাগরের বাড়ি এলাকায় মোন্নাফ শেখের বাড়িতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে কফ সিরাপ মজুত করা হয়। সাহেবগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে এ খবর জানতে পারে। এদিন রাতে একদল পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাড়িটি ঘিরে ফেলে। বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি বাড়ির মালিক মোন্নাফ শেখকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারা মোতাবেক মামলা দায়ের করে। শনিবার তাকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
ওই মামলার পিপি ইনচার্জ আইনজীবী অপূর্ব সিনহা বলেন, দিনহাটার নাগরের বাড়ি এলাকার মোন্নাফ শেখ নামে এক ব্যক্তিকে কফ সিরাপ সহ গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। এদিন তাকে আদালতে তোলা হলে তাকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
প্রসঙ্গত উল্লেখ্য, দিনহাটার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বছরের পর বছর ধরে কফ সিরাপ, ইয়াবা ট্যাবলেট সহ নানা দ্রব্য সামগ্রী একশ্রেণীর পাচারকারী বাংলাদেশে পাচার করে দিচ্ছে। এখনো পর্যন্ত দিনহাটার বেশ কিছু সীমান্তে কাঁটাতারের বেড়া হয়নি। তাইতো পাচারকারীরা বিভিন্ন কৌশলে বিশেষ করে যে সমস্ত এলাকায় কাঁটাতারের বেড়া হয়নি সেই এলাকা দিয়ে বাংলাদেশে দ্রব্য সামগ্রী পাচার হচ্ছে। এদিন পুলিশ যে কফ সিরাপ উদ্ধার করেছে সেগুলি পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

