শিলিগুড়ি,১লা জুন
শহরের যানজট কমাতে কড়া পদক্ষেপ নিল ট্রাফিক পুলিশ। সোমবার সকাল থেকেই মাইকিং করে জানানো হয়, শিলিগুড়ির প্রধান সড়কগুলিতে আর টোটো চলাচল করতে দেওয়া হবে না। এরপর পুলিশ মূল রাস্তায় ওঠা টোটোগুলিকে আটকিয়ে বিকল্প পথে ঘুরিয়ে দিতে শুরু করে।
এই সিদ্ধান্তের জেরে ক্ষোভে ফেটে পড়েন টোটো চালকেরা। হিল কার্ট রোড সংলগ্ন মাল্লাগুড়ি এলাকায় বহু চালক একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, হঠাৎ করে এমন সিদ্ধান্ত কার্যকর করায় তারা চরম সমস্যার মুখে পড়েছেন।
বিক্ষোভকারী চালকদের দাবি, শুধুমাত্র গলিপথে টোটো চালিয়ে পর্যাপ্ত যাত্রী পাওয়া সম্ভব নয়। ফলে তাদের আয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং সংসার চালানো কঠিন হয়ে পড়বে। একাধিক চালক জানান, আগে কখনও এ ধরনের বিধিনিষেধের মুখে পড়তে হয়নি। নতুন নিয়মে তাদের জীবিকা সংকটের মুখে পড়েছে বলে দাবি করেন তারা।
যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে শহরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। টোটো চালকেরা দ্রুত সমস্যার সমাধান ও সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

