শিলিগুড়ি ,২ জুন
শিলিগুড়ি কলেজে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে দুই ছাত্র সংগঠন এসএফআই এবং এবিভিপির মধ্যে বিবাদকে কেন্দ্র করে। ঘটনাকে ঘিরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ সামনে এসেছে।
এসএফআইয়ের অভিযোগ, তাদের সংগঠনের এক ছাত্রীকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এসএফআই নেতৃত্বের দাবি, কলেজ চত্বরে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন।
অন্যদিকে, এবিভিপির পক্ষ থেকে সৌগত দাস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এসএফআইয়ের আনা শারীরিক হেনস্থার সমস্ত অভিযোগ ভিত্তিহীন। পাশাপাশি এবিভিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে এসএফআই অনিয়ম করেছে।
ঘটনাকে কেন্দ্র করে কলেজে রাজনৈতিক উত্তেজনা বাড়লেও উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। এসএফআই জানিয়েছে, বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে তারা কলেজের অধ্যক্ষের কাছে শীঘ্রই একটি ডেপুটেশন জমা দেবে।
ঘটনার জেরে কলেজ চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

