জলপাইগুড়ি , ৪ আগস্ট
মুখ্যমন্ত্রীর কাছে এলাকার দুই পড়ুয়ার অভিযোগের পর থেকেই জলপাইগুড়ি শহরে নেশা বিরোধী অভিযানে আরও সক্রিয় হয়েছে পুলিশ। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনী এলাকায় বেআইনি মদের ব্যবসার বিরুদ্ধে অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ।
অভিযানে একাধিক দেশি মদের বোতল উদ্ধার করা হয়। অভিযোগ, ইন্দিরা কলোনী বাজারের কয়েকটি চায়ের দোকান ও হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে মদ বিক্রি চলছে। যদিও পুলিশের অভিযান হয়েছে, তবুও এলাকাবাসীর দাবি, কিছুদিন পর আবার আগের মতোই রমরমিয়ে এই ব্যবসা শুরু হয়ে যায়। স্থানীয়দের মতে, যেসব দোকান ও হোটলকে কেন্দ্র করে এই অবৈধ কারবার চলছে, সেগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে মদের ব্যবসা অনেকটাই বন্ধ করা সম্ভব হবে।
পাশাপাশি দিনের বেলায় নিয়মিত পুলিশি অভিযান চালানোরও দাবি জানিয়েছেন বাসিন্দারা। তাঁদের বক্তব্য, দিনের বেলায় অভিযান হলে অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হবে এবং এলাকায় নেশার প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

