নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি:
বুধবার রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনার টাকা প্রদানের শুভ উদ্বোধন হয়। সেই অনুযায়ী জলপাইগুড়ি পুরসভা ও সদর বিডিও অফিসেও প্রজেক্টারের মাধ্যমে নবান্নে আয়োজিত মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী প্রতীকীভাবে পাঁচজন উপভোক্তার হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দিয়ে প্রকল্পের সূচনা করেন। একইসঙ্গে জলপাইগুড়ি সদর বিডিও অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

এদিন জলপাইগুড়ি সদর ব্লকের মোট ১০০ জন মহিলার হাতে অন্নপূর্ণা যোজনার শংসাপত্র তুলে দেওয়া হয়। শংসাপত্র পেয়ে খুশি হন উপভোক্তা মহিলারা।
জেলাশাসক সন্দীপ কুমার ঘোষ জানান, জেলায় এই মুহূর্তে মোট ৮৭,৯৯২ জন এই যোজনার সুবিধার আওতায় আসছেন। ধাপে ধাপে ফর্ম যাচাই ও প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য উপভোক্তাদের এই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে বলে তিনি জানান।

