শিলিগুড়ি, ২৫ মে:
শিলিগুড়ির দার্জিলিং মোড়ের অন্যতম পরিচিত ‘বিশ্ব বাংলা’ গ্লোব ভেঙে ফেলল শিলিগুড়ি পৌর নিগম। সোমবার দুপুরে পৌর নিগমের কর্মীরা এসে বহু বছরের পুরনো ওই গ্লোবটি ভেঙে গুঁড়িয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, দার্জিলিং মোড়ের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কয়েক বছর আগে শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে তৈরি করা হয়েছিল বিশ্ব বাংলা লোগো দেওয়া ওই গ্লোব। হাতের ওপর পৃথিবীর আদলে তৈরি এই কাঠামোতে লেখা ছিল ‘বিশ্ব বাংলা’। দীর্ঘদিন ধরে এটি দার্জিলিং মোড়ের একটি আইকনিক স্থাপনা হিসেবে পরিচিত ছিল।
সোমবার আচমকাই পৌর নিগমের কর্মীরা এসে গ্লোবটি ভেঙে ফেলেন। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শিলিগুড়ি পৌর নিগমের কাউন্সিলর সভা সুব্বা। তিনি বলেন, “গ্লোবটি দেখতে খুব ভালো লাগত। কর্পোরেশন সরকারের নির্দেশ মেনেই কাজ করে, তাই হয়তো ভেঙে ফেলা হয়েছে।”

