তুফানগঞ্জ, ৮ জুন:
সোমবার একই দিনে পদত্যাগ করলেন তুফানগঞ্জ বিধানসভা এলাকার দুটি ভিন্ন গ্রাম পঞ্চায়েতের দুই প্রধান। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও গুঞ্জন শুরু হয়েছে।
তুফানগঞ্জ ১ ব্লকের অন্তর্গত অন্দরান ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সরকার অধিকারী এবং বালাভূত গ্রাম পঞ্চায়েতের প্রধান আফতার আলী বেপারী— দুজনেই আজ তাঁদের পদত্যাগ পত্র জমা দেন। সোমবার তাঁরা দুজনে সরাসরি তুফানগঞ্জ ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে যান এবং সেখানে বিডিও-র কাছে নিজেদের ইস্তফাপত্রটি হস্তান্তর করেন।
ইস্তফা দেওয়ার পর অন্দরান ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সরকার অধিকারী জানান, তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। লিখিত বক্তব্যে তিনি স্পষ্ট করেন, “আমি অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে আজ স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমার কিছু ব্যক্তিগত কারণ ও পারিবারিক সমস্যার জন্য আমি এই পদটি আর সামলাতে পারছি না। তাই আজ বিডিও সাহেবের কাছে এসে ইস্তফাপত্র জমা দিলাম।” দল বা সংগঠনের পক্ষ থেকে কোনো চাপ ছিল কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই এবং পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, একই দিনে বালাভূত গ্রাম পঞ্চায়েতের প্রধান আফতার আলী বেপারীও তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ায় রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। একই দিনে, একই ব্লকের দুটি গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত প্রধানের এই আকস্মিক পদত্যাগের পেছনে আর কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। ঘটনার পর থেকে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন সংশ্লিষ্ট সব পক্ষই।

