দিনহাটা , ৯ জুন
দিনহাটা শহরের শহিদ হেমন্ত বসু কর্নার সংলগ্ন দুটি গোডাউন খুলতেই সামনে এল বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী মজুত থাকার ছবি। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বিধায়ক অজয় রায়ের উপস্থিতিতে গোডাউন খোলা হলে দেখা যায়, সেখানে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে শাড়ি, ধুতি, কম্বল, ত্রিপল এমনকি সাইকেলও। বহু সামগ্রী ধুলো-ময়লায় নষ্ট হওয়ার অবস্থায় রয়েছে বলে অভিযোগ।
এদিন বিধায়ক অজয় রায় অভিযোগ করেন, সাধারণ মানুষের জন্য বরাদ্দ এই ত্রাণ সামগ্রী বিতরণ না করে বছরের পর বছর গোডাউনে ফেলে রাখা হয়েছিল। তাঁর দাবি, সময়মতো মানুষের হাতে না পৌঁছে এগুলির অপচয় হয়েছে।
দিনহাটা পুরসভার এক্সিকিউটিভ অফিসার স্নেহাশিস মণ্ডল জানান, আগে গোডাউনের চাবি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর কাছে ছিল। কিছুদিন আগে সেই চাবি পুরসভার হাতে আসে। এরপর গোডাউন খুলতেই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রীর সন্ধান মেলে। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় অনেক সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।
ঘটনার পর বিষয়টি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি, যাতে ত্রাণ সামগ্রী প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া যায়।

