আলিপুরদুয়ার, ১৫ জুন:
রাজ্যজুড়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সোমবার থেকে শুরু হল জনকল্যাণ শিবির। এই কর্মসূচির অংশ হিসেবে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লক-এও শুরু হয়েছে তিনদিনব্যাপী বিশেষ শিবির। সোমবার জটেশ্বর উচ্চ বিদ্যালয়-এ আয়োজিত শিবিরে সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
সরকারি পরিষেবা গ্রহণের উদ্দেশ্যে বিভিন্ন বয়সের মানুষ এদিন শিবিরে উপস্থিত হন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা আরও সহজ ও সরল পদ্ধতিতে মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এক ছাদের নিচে একাধিক সরকারি দপ্তরের পরিষেবা প্রদান, আবেদন গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে, যাতে সাধারণ মানুষকে দফতরে দফতরে ঘুরতে না হয়।
শিবিরের প্রথম দিনেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে গ্রামীণ এলাকার বাসিন্দারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে ভিড় জমান। স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, শ্রম এবং কৃষি সংক্রান্ত একাধিক প্রকল্পের আবেদন গ্রহণও এদিন করা হয়।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দীপক বর্মন। তিনি শিবির পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরিষেবা প্রক্রিয়া ঘুরে দেখেন। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে শিবিরের অগ্রগতি নিয়েও আলোচনা করেন তিনি।
এছাড়াও উপস্থিত ছিলেন ফালাকাটার আদৃতা সমাদ্দার-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তাঁরা শিবিরের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন এবং পরিষেবা প্রদানের কাজ সুষ্ঠুভাবে চলছে কি না তা খতিয়ে দেখেন।
শিবির ঘিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া দেখে প্রশাসনও সন্তোষ প্রকাশ করেছে। আগামী দিনগুলিতেও এই কর্মসূচির মাধ্যমে আরও বেশি মানুষ সরকারি পরিষেবার সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

