কোচবিহার, ১৫ জুন:
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবিরে ব্যাপক সাড়া মিলল সাধারণ মানুষের।
সোমবার থেকে কোচবিহার এক নম্বর ব্লক অফিসে শুরু হওয়া এই বিশেষ শিবিরে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ১৫, ১৬ ও ১৭ জুন পর্যন্ত চলা এই শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা নিতে ভোর থেকেই লাইনে দাঁড়ান বহু মানুষ।
প্রচণ্ড গরমের মধ্যেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় সাধারণ মানুষকে। অভিযোগ, অনেকেই সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও টোকেন পাননি। পাশাপাশি ফর্ম পূরণের নামে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগও ওঠে কিছু ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফর্ম পূরণের জন্য ২০ টাকার বেশি নেওয়া যাবে না। এর বেশি অর্থ আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মীরা। আবেদন গ্রহণ, তথ্য প্রদান এবং বিভিন্ন পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে তারা সক্রিয়ভাবে কাজ করেন। এছাড়াও ভলেন্টিয়ার ও বিভিন্ন সংগঠনের সদস্যরাও নাগরিকদের সহায়তায় এগিয়ে আসেন।
সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শিবিরে উপস্থিত হন জেলা সভাপতি অভিজিৎ বর্মন। তিনি জানান, বর্তমানে ১৫৫টি সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের জন্য উপলব্ধ রয়েছে এবং আবেদনকারীরা অনলাইন বা অফলাইনে আবেদন জমা দিতে পারবেন।
নিরাপত্তার স্বার্থে শিবির প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। শুধু এক নম্বর ব্লক অফিস নয়, কোচবিহারের বিভিন্ন এলাকাতেও একইভাবে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু নাগরিক।

