দিনহাটা , ২৪ জুন
বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ১১৬ বোতল অবৈধ কফ সিরাপ সহ এক যুবককে গ্রেফতার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ।
বুধবার দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট রেল স্টেশন চত্বর থেকে কফ সিরাপ সহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃত ওই যুবকের নাম আমিনুর শেখ ওরফে মফি (৩২)। ওই যুবকের বাড়ি আটিয়ালডাঙ্গা সীমান্ত এলাকায়। ধৃত ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা দুই নম্বর ব্লকের আটিয়ালডাঙ্গা সীমান্ত এলাকার যুবক আমিনুর শেখ চৌধুরীহাট বাজার থেকে ১১৬ বোতল কফ সিরাপ নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। সাহেবগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে এ খবর জানতে পারে। ওই যুবক যখন বামনহাট রেল স্টেশন চত্বরে আসে সেই সময় পুলিশ ওই যুবককে পাকড়াও করে এবং তার কাছ থেকে অবৈধ কফ সিরাপ ভর্তি বোতলগুলি উদ্ধার হয়। পুলিশ ইতিমধ্যেই তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে।
প্রসঙ্গত উল্লেখ্য, সীমান্তে কাঁটাতারের বেড়া বি এস এফ- এর কড়া প্রহরা থাকা সত্ত্বেও দিনহাটার বিভিন্ন সীমান্ত দিয়ে ইয়াবা ট্যাবলেট, কফ সিরাপ সহ নানা জিনিসপত্র বাংলাদেশে পাচার হয়ে থাকে। একশ্রেণীর আন্তর্জাতিক পাচারকারী এই জিনিসপত্র পাচার করে থাকে। এদিন পুলিশ যে কফ সিরাপ গুলি উদ্ধার করে সেগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের ধারণা।

