ডুয়ার্স , ৩ জুলাই
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ায় জাতীয় সড়ক অবরোধ
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে এদিন মাল মহকুমার ক্রান্তি ব্লকের লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভে সামিল মহিলারা। কেন অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাননি তা জানতে চেয়ে গ্ৰাম পঞ্চায়েত কার্যালয়ে জড়ো হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মহিলাদের।
বিক্ষোভের পরও কোনও সদুত্তর না মেলায় ক্ষুব্ধ মহিলারা ময়নাগুড়ি- লাটাগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ফাঁড়ির পুলিশ।
এরপর প্রশাসনের উদ্যোগে পাঁচজন মহিলা প্রতিনিধির সঙ্গে ক্রান্তি ব্লক আধিকারিকের দীর্ঘক্ষণ বৈঠক হয়। বৈঠক শেষে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের আশ্বাস দেওয়া হয় যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা পড়বে। আগামী কয়েক দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলেও জানানো হয়েছে। এরপর
প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। তবে দ্রুত টাকা না পেলে ফের আন্দোলন হবে বলে জানান বিক্ষোভকারীরা।

