তুফানগঞ্জ , ৩ জুলাই
একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে রডের কাজ করতে গিয়ে হাইভোল্টেজ বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক নির্মাণ শ্রমিকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের স্টেশন রোড এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম ধনঞ্জয় দাস। তাঁর বাড়ি বিলসি ঝাকুয়াপাড়া এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সকাল থেকেই অন্যান্য শ্রমিকদের সঙ্গে নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের স্টেশন রোড এলাকার ওই নির্মীয়মাণ বিল্ডিংটিতে রডের কাজ করছিলেন। ছাদের ওপর লোহার রড তোলার সময় অসাবধানতাবশত সেটি পাশে থাকা বিদ্যুতের হাই ভোল্টেজ তারে লেগে যায়। সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝটকায় ওই ব্যক্তি ছাদের ওপর ছিটকে পড়েন।
সহকর্মীরা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

