মাথাভাঙ্গা,৬ জুলাই
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার মাথাভাঙ্গা শহরের ১০ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দূর করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। শিবিরকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
মাথাভাঙ্গা ১০ নম্বর ওয়ার্ড বিজেপির শক্তিপ্রমুখ মুকূল বর্মন জানান, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্তদাতা এদিন রক্তদান করবেন বলে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি পূরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

