জলপাইগুড়ি, ৭ ডিসেম্বর :
জলপাইগুড়ি জেলা বইমেলার চতুর্থ দিনে ফনীন্দ্রদেব ইনস্টিটিউশনের খেলার মাঠ রঙ-তুলির উৎসবে পরিণত হয় বসে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে। কচিকাঁচা থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চারটি বিভাগে দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয় এই রবিবাসরীয় অংকন প্রতিযোগিতায়। প্রথম দুটি বিভাগ—দ্বিতীয় শ্রেণি পর্যন্ত এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বিষয় ছিল ‘যেমন খুশি আঁকো’, যেখানে ছোটদের কল্পনা মেলে ধরার সুযোগ ছিল সবচেয়ে বেশি। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য নির্ধারিত ছিল ‘আমার বাংলা’ বিষয়টি, আর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের আঁকতে হয় ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’ নিয়ে সচেতনমূলক ছবি।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি অংশগ্রহণকারীকে পেন্সিল, ইরেজার ও সার্পেনারসহ ছোট উপহার দেওয়া হয়েছে উৎসাহ হিসেবে। বইমেলার কম্পিটিশন সাব-কমিটির কনভেনার স্বপন বসাক জানান, বইমেলাকে সফল করতে জলপাইগুড়ি পৌরসভা ও পৌরপিতা সৈকত চ্যাটার্জীর সহযোগিতা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

