জলপাইগুড়ি, ২৪ জুন:
ডুয়ার্সে ফের ট্রেন চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল। বুধবার সকাল প্রায় ৮টা ৪০ মিনিটে নাগরাকাটা-চালসা রেললাইনে আপ শিলিগুড়ি–বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেসের লোকো পাইলটের সতর্কতায় প্রাণে বাঁচল এক দল হরিণ।
রেল সূত্রে জানা গিয়েছে, ডুয়ার্সের ঘন জঙ্গলের বুক চিরে চলে যাওয়া ওই রেললাইনের ৬৭/৬–৮ নম্বর পিলারের কাছে ট্রেনটি পৌঁছতেই লোকো পাইলটের নজরে আসে একটি হরিণের দল রেললাইনের উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝে জরুরি ব্রেক কষে ট্রেনের গতি কমিয়ে দেন।
ট্রেনের হর্ন বাজতেই হরিণের দলটি আতঙ্কিত হয়ে দ্রুত রেললাইন ছেড়ে পাশের জঙ্গলে ঢুকে পড়ে। নিশ্চিত হওয়ার পর ট্রেনটি আবার স্বাভাবিক গতিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
লোকো পাইলটের এই দ্রুত সিদ্ধান্ত এবং সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবেশপ্রেমীরাও এই ঘটনায় ট্রেন চালকের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, ডুয়ার্সের এই রেলপথটি বন্যপ্রাণী প্রবণ এলাকা দিয়ে যাওয়ায় মাঝেমধ্যেই হাতি, হরিণসহ বিভিন্ন প্রাণীর দেখা মেলে। এর আগেও ট্রেন চালকদের সতর্কতায় বহু বন্যপ্রাণীর প্রাণ রক্ষা পেয়েছে বলে রেল সূত্রে জানা যায়।

