ফুলবাড়ী, ২৫ জুন:
প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে ভাগ্য যেন একেবারে খুলে গেল এক মৎস্যজীবীর। মহানন্দা নদীতে জাল ফেলতে গিয়ে তাঁর জালে ধরা পড়ল প্রায় ১২ কিলোগ্রাম ওজনের একটি বিশাল আকৃতির বাঘার আড় মাছ। বিরল এই মাছকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জুগিভিটা ঝড়াপাড়া এলাকার বাসিন্দা রাতিয়া রায় দীর্ঘদিন ধরে মহানন্দা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার ভোরবেলায় তিনি একাই নদীর পাড়ে জাল টানছিলেন। সেই সময় আচমকাই জালে অস্বাভাবিক ভার অনুভব করেন তিনি।
প্রথমে তাঁর মনে হয়েছিল, হয়তো নদীর তলদেশ থেকে কোনও বড় কাঠের গুড়ি বা ভারী বস্তু জালে আটকে গেছে। কিন্তু কিছুক্ষণ পরেই জালের প্রবল টান এবং জলের মধ্যে তীব্র নড়াচড়া দেখে তিনি বুঝতে পারেন, জালে বড়সড় কোনও মাছ ধরা পড়েছে। মাছটির শক্তিশালী ঝটকায় মুহূর্তের মধ্যেই জাল টানার জন্য ব্যবহৃত বাঁশ ভেঙে যায়। এতে কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেও হাল ছাড়েননি রাতিয়া রায়।
অনেক কষ্টে এবং দীর্ঘক্ষণ লড়াই করে তিনি মাছটিকে নদীর পাড়ে টেনে তুলতে সক্ষম হন। দাঙায় তোলার পর দেখা যায়, সেটি একটি বিশাল আকৃতির বাঘার আড় মাছ। ওজন প্রায় ১২ কিলোগ্রামের কাছাকাছি হওয়ায় মাছটি দেখতে এলাকাবাসীদের ভিড় জমে যায়। এমন বড় আকারের মাছ ধরা পড়ার ঘটনা এই অঞ্চলে খুব একটা দেখা যায় না বলেই দাবি স্থানীয়দের।
মাছটি নিয়ে বাড়ি ফেরার সময় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভাসেন রাতিয়া রায়। তাঁর মুখে ছিল সাফল্যের হাসি। তিনি জানান, দীর্ঘদিন ধরে মাছ ধরলেও এত বড় বাঘার আড় মাছ এর আগে তাঁর জালে ওঠেনি। তাই এই ঘটনাকে তিনি নিজের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা বলেই মনে করছেন।
বিশাল আকৃতির এই মাছের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মাছটি এক নজর দেখতে রাতিয়া রায়ের বাড়িতে ভিড় করেন। নদীর বুক থেকে উঠে আসা এই বিরল শিকার এখন এলাকার প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।

