জলপাইগুড়ি, ৮ ডিসেম্বর :
রেললাইন পারাপার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো এক কিশোর। সোমবার ডুয়ার্সের নাগরাকাটা স্টেশনের কাছে ঘটে এই ঘটনাটি। রেল পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কিশোরের নাম রোহন লাকরা (১৮)। ভগতপুর চা বাগানের জাহাদি লাইনের বাসিন্দা রোহন সেদিন নাগরাকাটা স্টেশনের নিকটবর্তী কূর্তি ঝোরা নদীর উপর পিলার নম্বর ৭৫/৩–এর কাছে রেললাইন পার হচ্ছিল। ঠিক সেই সময় শিলিগুড়ির দিক থেকে আসা আলিপুরদুয়ারগামী ভিস্তাডোম ট্রেনটি তাকে ধাক্কা মারে। প্রবল আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় রোহনের দেহ। খবর পেয়ে রেল পুলিশ ও নাগরাকাটা থানার পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়। ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া এবং রেললাইন পারাপারে সচেতনতার অভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

