জলপাইগুড়ি ,১৩ জুলাই
জলপাইগুড়ি সদর ব্লকের রায়পুর চা বাগান পরিদর্শনে এলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। এদিন জেলা প্রশাসনের আধিকারিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মন্ত্রী চা শ্রমিকদের সমস্যার কথা শুনতে বাগানে যান।
চা শ্রমিকরা পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র-সহ বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। শ্রম প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে দ্রুত নতুন মালিক খুঁজে বন্ধ চা বাগানটি পুনরায় চালুর আবেদন জানান শ্রমিকরা।
এদিন শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, “চা শ্রমিকদের সমস্যার কথা শুনতেই আমরা এখানে এসেছি। কীভাবে নতুন মালিক এনে চা বাগানটি খোলা যায়, সেই চেষ্টা করা হবে। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়েও আলোচনা চলছে।”
তিনি আরও বলেন, “রায়পুর চা বাগানের শ্রমিকদের জন্য সরকারি পরিষেবা নিশ্চিত করা হবে। আগে কোনও মন্ত্রী এখানে আসেননি, আমরা এসেছি এবং তাঁদের সমস্যার কথা শুনেছি। তবে রাতারাতি সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। ধীরে ধীরে সমস্যাগুলির সমাধান করা হবে।”

