দিনহাটা, ২৭ জানুয়ারী :
মঙ্গলবার দিনহাটা বিডিও অফিসে এস আই আর এর শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন সিতাই বিধানসভার ২৭৪ নম্বর বুথের অন্তর্গত শিবেশ্বর এলাকার বাসিন্দা সাহিদা বিবি নামের এক মহিলা। এদিন নির্ধারিত সময় অনুযায়ী দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত তাঁর SIR হেয়ারিং ছিল। জানা যায় তার বাবার পাঁচ সন্তান থাকলেও সরকারি নথিতে ছয় ভাই-বোন দেখানো হয়েছে—এই অসংগতি দেখিয়ে তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশ মেনেই তিনি শুনানিতে হাজিরা দিতে আসেন। শুনানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকাকালীন ওই মহিলা অসুস্থ বোধ করতে শুরু করেন। বিষয়টি কর্তব্যরত আধিকারিকদের জানানো হলে প্রক্রিয়া অনুযায়ী তাঁর হেয়ারিং সম্পন্ন করা হয়। কিন্তু শুনানি শেষে বেরিয়ে আসার পরই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এরপর তড়িঘড়ি তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই মহিলা।

