আলিপুরদুয়ার, ২৫ মে:
কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে বিজেপির এক নেত্রীকে মারধরের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক দুলাল দে। রবিবার রাতে তাকে গ্রেফতার করে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। সোমবার দুলাল দে-কে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, কামাখ্যাগুড়ির হরিবাড়ি এলাকায় তৃণমূল নেতা দুলাল দে-র মেয়ের ব্যাঙ্কের একটি কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে। রবিবার রাতে সেই সিএসপিটি বন্ধ ছিল। হরিবাড়ি এলাকায় দুলাল দে ও তাঁর মেয়ে নিবেদিতা দে-কে দেখতে পেয়ে ডিবিটি লিঙ্ক করার বিষয়ে জানতে চান কামাখ্যাগুড়ি এলাকার বিজেপি নেত্রী লক্ষ্মী বিশ্বাস। অভিযোগ, সে সময় তৃণমূল নেতা দুলাল দে ও তাঁর মেয়ে নিবেদিতা দে মিলে লক্ষ্মী বিশ্বাসকে মারধর করে। এতে লক্ষ্মী বিশ্বাস গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। আহত লক্ষ্মী বিশ্বাসের ছেলে গোবিন্দ বিশ্বাস এই বিষয়ে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ দুলাল দে-কে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধরায় মামলা দায়ের করে এদিন দুপুর নাগাদ তাঁকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠায় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ।

