শিলিগুড়ি ,২৭ জুন
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বড়সড় অভিযান চালিয়ে মোষ পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। শুক্রবার গভীর রাতে ফাঁসিদেওয়া থানার অন্তর্গত কান্তিভিটা এলাকায় একটি চিপস ফ্যাক্টরির কাছে অভিযান চালিয়ে একটি ১৪ চাকার ট্রাক আটক করা হয়। আটক ট্রাকটির নম্বর WB-59C-9277।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ট্রাকে অবৈধভাবে মোট ৩১টি মোষ পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান চালায়। তল্লাশিতে ট্রাকের ভিতর থেকে ৩১টি জীবন্ত মোষ উদ্ধার হয়।
পুলিশ জানায়, ট্রাকের চালকের কাছে পশু পরিবহণ সংক্রান্ত বৈধ নথি, অনুমতিপত্র বা প্রয়োজনীয় পরিবহণ শংসাপত্র চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, মোষগুলোকে অবৈধভাবে অন্যত্র পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনার পর পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করে এবং সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধার হওয়া মোষগুলিকে আপাতত নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

