শিলিগুড়ি, ১০ জুন:
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনায় বুধবার শিলিগুড়িতে বিশেষ পূজা ও প্রার্থনা সভার আয়োজন করল বিজেপি। প্রধানমন্ত্রী হিসেবে স্বাধীন ভারতের ইতিহাসে সর্বাধিক সময় ধরে দায়িত্ব পালনের নজির গড়ার উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিশেষ নির্দেশে রাজ্যজুড়ে বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা ও অন্যান্য উপাসনাস্থলে প্রার্থনা, পূজা-অর্চনা এবং আরতির আয়োজন করা হয়। সেই কর্মসূচির অংশ হিসেবেই শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদ্যোগে শহরের মায়ের ইচ্ছা কালীবাড়িতে বিশেষ পূজার আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে বিজেপির কর্মী-সমর্থকরা উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের উন্নয়নে তাঁর নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকার জন্য প্রার্থনা করেন। মন্দিরে পূজা, আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।
এই প্রসঙ্গে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার প্রধান মুখপাত্র বাপি পাল বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে দ্রুত এগিয়ে চলেছে। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দেশের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই আজ আমরা সকলেই ঈশ্বরের কাছে তাঁর মঙ্গল কামনা করে প্রার্থনা করেছি। দেশের অগ্রগতি ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব আগামী দিনেও অব্যাহত থাকুক, এটাই আমাদের প্রার্থনা।”
অনুষ্ঠানে বিজেপির একাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছেছে এবং তাঁর নেতৃত্বে দেশের উন্নয়নের যাত্রা আরও গতিশীল হবে।

