কোচবিহার , ২৭ জুন
কোচবিহারে এক ব্যক্তির উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত প্রায় ১০টা নাগাদ সুকটাবাড়ি সংলগ্ন ছাট দুধের কুঠি এলাকায় এই ঘটনা ঘটে। আক্রান্ত ব্যক্তির নাম রেজাউল হক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেজাউল হক ও একই এলাকার বাসিন্দা মজির হোসেনের মধ্যে পারিবারিক বিবাদের জেরে গত প্রায় তিন বছর ধরে সম্পর্কের অবনতি চলছিল। অভিযোগ, সেই পুরনো বিবাদের জেরেই শুক্রবার রাতে ফের উত্তেজনা ছড়ায়।
আক্রান্ত রেজাউল হকের অভিযোগ, ঘটনার সময় অভিযুক্ত মজির হোসেন ও রমেশ নামে এক ব্যক্তি একসঙ্গে বসে ছিলেন। আচমকাই মজির হোসেন স্থানীয়ভাবে ‘খাফোর’ নামে পরিচিত একটি ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলার চেষ্টা করেন। তিনি কোনোভাবে আত্মরক্ষা করে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন। পালানোর সময় অভিযুক্ত তাঁকে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ।
ঘটনার সময় রমেশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও দাবি করেছেন রেজাউল হক। যদিও রমেশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি ওই এলাকায় থাকলেও হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না। পাশাপাশি, মদ্যপানের অভিযোগও তিনি নাকচ করেছেন।
খবর পেয়ে রাতেই সুকটাবাড়ি পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরনো পারিবারিক শত্রুতার জেরেই এই ঘটনার সূত্রপাত। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

