দিনহাটা, ২১ মে :
দিনহাটা পুটিমারির একটি বেসরকারি স্কুলে দিনহাটা মহকুমা আইনি পরিষেবার তত্ত্বাবধানে এবং ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির পরিচালনায় ‘জাগৃতি’ কর্মসূচির আওতায় একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বুধবার আয়োজিত এই শিবিরে ছাত্রছাত্রীদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবার সচিব শ্রীময়ী চক্রবর্তী, আইআইএলএস এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জ্যোতি দাস, এবং দিনহাটা মহিলা থানার সেকেন্ড অফিসার কল্পনা ছেত্রী । এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বহু ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
এদিনের কর্মসূচিতে ছাত্রছাত্রীদের আইনি অধিকার, শিশু সুরক্ষা, নারী সুরক্ষা, সাইবার অপরাধ, বাল্যবিবাহ, মাদক বিরোধী সচেতনতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে সমাজে নানা ধরনের অপরাধ ও প্রতারণার ঘটনা বাড়ছে। তাই ছোটবেলা থেকেই আইন সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।
শিবিরে উপস্থিত আধিকারিকরা পড়ুয়াদের জানান, কোন সমস্যার সম্মুখীন হলে আইনিভাবে কীভাবে সাহায্য পাওয়া যায় এবং কোথায় যোগাযোগ করতে হবে, সেই বিষয়েও বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি পড়ুয়াদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সমাজের অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।

