দিনহাটা, ২১ মে
দিনহাটা এলাকায় ফের কাটমানি ও দুর্নীতির অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত-এ উপপ্রধান চন্দনা সেন বর্মনের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, উপপ্রধান চন্দনা সেন বর্মন, তাঁর স্বামী জগদীশ বর্মন এবং স্থানীয় তৃণমূল নেতা সাজু মিয়া মিলে বাংলার আবাস যোজনা-এর ঘর পাইয়ে দেওয়ার নাম করে একাধিক মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। অভিযোগকারীদের দাবি, কারও কাছ থেকে ১০ হাজার, কারও কাছ থেকে ২০ হাজার, আবার কারও কাছ থেকে আরও বেশি টাকা নেওয়া হয়েছে।
এই অভিযোগকে কেন্দ্র করেই ক্ষুব্ধ বাসিন্দারা বৃহস্পতিবার উপপ্রধানের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং টাকা ফেরতের দাবিতে ধর্নায় বসেন। দীর্ঘক্ষণ ধরে চলা এই অবস্থান বিক্ষোভে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা প্রতিশ্রুতি অনুযায়ী বাড়ি না পেয়ে হতাশ, আর এখন টাকা ফেরতের দাবিতেই তারা আন্দোলনে নেমেছেন।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে|

