শিলিগুড়ি, ১৬ মে :
শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হল বিজেপির নবনির্বাচিত বিধায়কদের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। পাশাপাশি জেলার একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক, সিএমওএইচ সহ বিভিন্ন দফতরের কর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ফাঁসিদেওয়ার বিধায়ক দূর্গা মুর্মু এবং দার্জিলিংয়ের বিধায়ক সোনাম লামা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
সূত্রের খবর, বৈঠকে মূলত শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি এবং এলাকার একাধিক উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা ও নাগরিক পরিষেবাকে আরও উন্নত করার উপায় নিয়েও মতবিনিময় করা হয়। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

