ডুয়ার্স, ২০ মার্চ :
বহিরাগত প্রার্থী মানব না, ক্ষিপ্ত বিজেপির কর্মী সমর্থকরা ভাঙচুর চালালেন দলীয় কার্যালয়ে। আলিপুরদুয়ারের পর এবার জলপাইগুড়ি জেলার মাল বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে ক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। এদিন কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে চেয়ার, টেবিল ভাঙচুর করে। এরপর ফ্লেক্স থেকে শুরু করে ভাঙা চেয়ার টেবিলে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরবর্তীতে খবর পেয়ে মাল বিজেপির দলীয় কার্যালয়ে আসেন মালবাজার ও জেলার বিজেপি নেতারা। তারা কর্মী সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন।
এদিন মাল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নাগরাকাটার প্রাক্তন বিধায়ক শুক্রা মুন্ডার নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে শুক্রা মুন্ডা জয়লাভ করেন। পরবর্তীতে ২০২০ সালের ডিসেম্বর মাসে রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে বিজেপিতে যোগদান করেন।

