মাথাভাঙ্গা, ৬ জুন
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী ভাওয়াইয়া গান পরিবেশন করার জেরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন প্রতিবাদী ভাওয়াইয়া সংগীত শিল্পী মনীন্দ্র নাথ বর্মন। শুক্রবার রাতে তিনি উদয়ন গুহ-সহ আরও দুই ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী শিল্পী মনীন্দ্র বর্মনের বাড়ি নয়ারহাট এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে ভাওয়াইয়া গানের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে আসছেন। তাঁর দাবি, সম্প্রতি দুর্নীতিবিরোধী কয়েকটি গান প্রকাশ এবং পরিবেশনের পর থেকেই তিনি একাধিকবার হুমকির সম্মুখীন হন।
মনীন্দ্র বর্মনের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের আগে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের নাম উল্লেখ করে তিনি থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে আরও দুই ব্যক্তির নামও রয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিস্তারিত বিষয়বস্তু এবং অন্য দুই অভিযুক্তের পরিচয় সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
শিল্পীর দাবি, একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে তিনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সমাজের বিভিন্ন অসঙ্গতি ও দুর্নীতির বিরুদ্ধে গান গেয়ে প্রতিবাদ করেছেন। কিন্তু সেই কারণেই তাঁকে ভয় দেখানো এবং চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
অন্যদিকে, এই অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

