মাথাভাঙ্গা, ২৮ সেপ্টেম্বর
পুজোর আগে মাথাভাঙ্গায় পুলিশের বড়সড় সাফল্য। হাতবদলের আগেই টোটো আটক করে প্রায় ৮১৪ গ্রাম সোনার বাট উদ্ধার করল নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে জানা গিয়েছে। ঘটনায় টোটো চালক-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির ওসি রাহুল ওরাওঁ-এর নেতৃত্বে রুনিবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। সেই সময় একটি টোটো আটক করে তল্লাশি চালাতেই মেলে ৮১৪ গ্রাম সোনার বাট।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া সোনার কোনও বৈধ নথি দেখাতে পারেননি ধৃতরা। এরপরই দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রাহুল হোসেন ও আরফান হোসেন। পুলিশ সূত্রে খবর, তাঁদের মধ্যে একজনের বাড়ি নিশিগঞ্জ এলাকায় এবং অপরজন অসমের বাসিন্দা।
তবে প্রশ্ন উঠছে—এই বিপুল পরিমাণ সোনা কোথা থেকে আনা হয়েছিল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? আর এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না?
পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া সোনার উৎস এবং এর সঙ্গে কোনও বড় পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

