জলপাইগুড়ি, ১৫ সেপ্টেম্বর: সরকারি প্রকল্পের কাজ শেষ করার পরেও দীর্ঘ দুই থেকে আড়াই বছর ধরে বিলের টাকা না পাওয়ার অভিযোগ তুললেন ঠিকাদাররা। বকেয়ার পরিমাণ প্রায় তিনশো কোটি টাকা। টাকা না মেলায় জলপাইগুড়ির জনস্বাস্থ্য কারিগরি দফতরের সিভিল কন্ট্রেকটর অ্যাসোসিয়েশন শেষ পর্যন্ত বাধ্য হয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন।
ঠিকাদারদের অভিযোগ, গ্রামের বাড়ি বাড়ি জল পরিষেবা থেকে শুরু করে ‘জল জীবন মিশন’ ও ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরের মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ তাঁরা সফলভাবে সম্পন্ন করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও বিল মেটানো নিয়ে দফায় দফায় তালবাহানা চলছে। এর জেরে প্রায় দুই শতাধিক ঠিকাদার চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। এমনকি বকেয়া টাকা না পেয়ে এরই মধ্যে বেশ কয়েকজন ঠিকাদারের মৃত্যু হয়েছে বলেও বিস্ফোরক দাবি করা হয়েছে। বারবার আন্দোলন ও প্রতিবাদ করেও কোনো সুরাহা না হওয়ায় এবার বাধ্য হয়ে জেলা প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে সমাধানের আশায় কড়া নেড়েছেন ভুক্তভোগী ঠিকাদাররা।

