শীতলকুচি,৩০ মে
শীতলকুচিতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত বিজেপি কর্মী বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ, শনিবার রাতে বিজেপি কর্মী দীপক বর্মন দলীয় নেতা তথা প্রাক্তন মণ্ডল সভাপতি পবিত্র বর্মনের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় নগর শোভাগঞ্জ এলাকায় পৌঁছাতেই কয়েকজন দুষ্কৃতী আচমকা তার ওপর লাঠি নিয়ে হামলা চালায়। অভিযোগ, কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে বেধড়ক মারধর করা হয়। হামলায় গুরুতর জখম হন দীপক বর্মন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। প্রথমে শীতলকুচি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাদের কর্মীর ওপর হামলা চালানো হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

