আলিপুরদুয়ার ,২৫ আগস্ট
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানের নালায় হস্তিশাবকের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার বাগানের ১২ নম্বর সেকশনের একটি নালায় হস্তিশাবকের দেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানানো হয় বনদপ্তরকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বক্সা টাইগার রিজার্ভের বনদপ্তরের কর্মী ও আধিকারিকরা। পরে নালা থেকে হস্তিশাবকের দেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই আটিয়াবাড়ি চা বাগান এলাকায় হাতির একটি দল ঘোরাফেরা করছিল। প্রাথমিকভাবে বনদপ্তরের অনুমান, ওই হাতির দলের সঙ্গেই শাবকটি এলাকায় এসেছিল। কোনোভাবে চা বাগানের নালায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঠিক কীভাবে শাবকটি নালায় পড়ল এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর। উদ্ধার হওয়া হস্তিশাবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।

