পানিসালা, ১৩ ফেব্রুয়ারী :
আবাস যোজনার ঘর বণ্টন নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছে কোচবিহার ওয়ান বি ব্লকের ১৭৬ নম্বর বুথের পানিসালা অঞ্চলের বাসিন্দারা।
প্রায় এক হাজার ভোটার থাকা এই বুথে মাত্র একটি ঘর বরাদ্দ হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
গ্রামবাসীদের দাবি, এত মানুষের মধ্যে কি শুধুমাত্র একজনই আবাস যোজনার যোগ্য? তাঁদের প্রশ্ন—“আমাদের পানিসালা অঞ্চলে কি গরিব মানুষ নেই, নাকি ইচ্ছাকৃতভাবে ঘর দেওয়া হচ্ছে না?” বঞ্চনার অভিযোগ তুলে ইতিমধ্যেই একত্রিত হয়েছেন স্থানীয়রা এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
এলাকার বহু বাসিন্দা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি দ্রুত সমস্যার সমাধান না হয়, তবে তাঁরা আসন্ন নির্বাচনে ভোট বয়কটের পথে হাঁটতে পারেন। ফলে পরিস্থিতি ক্রমেই রাজনৈতিক মাত্রা পাচ্ছে।
এ প্রসঙ্গে জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট দিপা চক্রবর্তী বলেন, সাধারণ মানুষের প্রাপ্য থেকে বঞ্চিত করা অত্যন্ত দুঃখজনক। তাঁর অভিযোগ, দুর্নীতি ও স্বজনপোষণের কারণেই প্রকৃত উপভোক্তারা ঘর পাচ্ছেন না।
অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেস-এর জেলাপরিষদ সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহামেদ জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি বলেন, “যোগ্যতার ভিত্তিতেই ঘর বরাদ্দ করা হয়। কোথাও ত্রুটি থেকে থাকলে তা অবশ্যই সংশোধন করা হবে।”
এখন দেখার, প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে সমস্যার কত দ্রুত সমাধান হয় এবং পানিসালা অঞ্চলের গ্রামবাসীদের ক্ষোভ কতটা প্রশমিত করা যায়।

